...|...|...

খুলনা

রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদক, পরে চালাল অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৬
Shares
রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদক, পরে চালাল অভিযান

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী হয়রানি, অনিয়ম ও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের আগে দুদকের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউসহ বিভিন্ন বিভাগ ও ইউনিট পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় নথিপত্রও পর্যালোচনা করেন তারা।

দুদক সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, প্যাথলজি বিভাগে অনিয়ম এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে দুদকের দুই সদস্য সাধারণ রোগীর পরিচয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় তারা রোগীদের হয়রানি এবং সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের সময় দুদকের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিতভাবে অভিযোগ বা অনিয়মের তথ্য জানানো হলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের নানা অভিযোগ রয়েছে। তবে এসব সমস্যার পেছনে জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ।