...|...|...

রাজনীতি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, সকাল ৭:৫৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৩
Shares
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘোষণা করা হবে। একই দিন দলটির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে দলটির প্রার্থীর মনোনয়নপত্র ইসিতে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

সূত্র আরও জানায়, বিতর্ক এড়াতে সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকটিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হিসেবে দেখানো হচ্ছে না। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আগেই সর্বসম্মতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে।

মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের প্রয়োজন থাকায় মূলত এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যান জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন বলে জানিয়েছেন আমন্ত্রণ পাওয়া এক নেতা।

দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং আরেকজন সমর্থক হিসেবে স্বাক্ষর করবেন।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় আজই বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।