...|...|...

জাতীয়

রাষ্ট্রপতি পদে আলোচনায় যারা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, সন্ধ্যা ৭:০৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:২৪
Shares
রাষ্ট্রপতি পদে আলোচনায় যারা

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির তিন প্রবীণ নেতা। ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি একটি বিরল রোগসহ মোট পাঁচটি জটিল শারীরিক সমস্যার কথা উল্লেখ করে জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি আর দায়িত্ব পালনে সক্ষম নন। মাঝে মাঝে তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলেও চিঠিতে উল্লেখ করেছেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রটোকলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালনের জন্য নির্ধারিত গাড়ি ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রটোকল বহর ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছে।

অন্যদিকে, পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি পদে নতুন মুখ কে, তা নিয়েও রয়েছে জোর আলোচনা।

এসব আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। এ ছাড়া কেউ কেউ দলটির প্রবীণ আরেক নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন। তবে সূত্রগুলো জানাচ্ছে, বিএনপির এই তিনজনের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে।

বর্তমান সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তি তারিখের পূর্ববর্তী ৯০ হতে ৬০ দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ-সদস্যদের ভোটে নির্বাচিত হলেও মূলত রাষ্ট্রপতি কে হবেন সে সিদ্ধান্তের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাকে চাইবেন বা মনোনয়ন দেবেন তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে দলের প্রবীণ নেতাদের মধ্য থেকে রাষ্ট্রপতি করার উদাহরণই বেশি।