রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালানোর সময় এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা। বিস্ফোরণে কেউ হতাহত হননি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা পালানোর চেষ্টা করলে পথচারীরা একজনকে আটক করেন। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। বিস্ফোরণে কেউ হতাহত হননি।


