...|...|...

সারাদেশ

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১০
Shares
যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

নিহত তানিয়া কামালের সাথে তার স্বামী নুর উদ্দিন। ছবি: সংগৃহীহ

চট্টগ্রামের পটিয়ায় যৌতুকের বলি হয়েছেন ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাত। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এরই মধ্যে রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী নুর উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত তানিয়া কামাল নিহাতের বয়স ২০ বছর। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন (২৫) একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও কিছুদিন পর পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে যৌতুকের দাবিতে তানিয়াকে নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে।

তানিয়ার বাবা মোহাম্মদ কামালের অভিযোগ, গত ঈদে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তার জন্য নতুন কাপড় ও উপহার দাবি করেন। রমজান মাসে তিনি সামর্থ্য অনুযায়ী উপহার দিলেও সম্প্রতি আবারও কাপড়চোপড় ও যৌতুক দাবি করা হয়। কিন্তু সেই দাবি পূরণ করা তার পক্ষে সম্ভব হয়নি।

তার অভিযোগ, এ নিয়ে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠকও হয়। তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি।

পটিয়া উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে তানিয়া ও নুর উদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ের পর যৌতুকের বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবেননি। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তানিয়ার স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।