...|...|...

লাইফস্টাইল

যেসব গাছ ঘরে রাখলে অক্সিজেন সরবরাহ বাড়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭
Shares
যেসব গাছ ঘরে রাখলে অক্সিজেন সরবরাহ বাড়ে

ছবি: সংগৃহীত

ফুসফুস সুস্থ ও সচল রাখতে বিশুদ্ধ এবং পর্যাপ্ত অক্সিজেনের কোনো বিকল্প নেই। ঘরের ভেতর নির্দিষ্ট কিছু গাছ রাখলে যেমন প্রাকৃতিকভাবে অক্সিজেনের মাত্রা বাড়ে, তেমনি ঘরের পরিবেশও সতেজ থাকে। সবুজ উদ্ভিদ ও বাতাসের মধ্যকার এই গ্যাসীয় আদান-প্রদানের প্রক্রিয়াটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ডাচ জীববিজ্ঞানী ইয়ান ইনঙ্গেনহৌজ আবিষ্কার করেন। জেনে নিন এমনই কিছু উপকারী ইনডোর প্ল্যান্ট সম্পর্কে

১. তুলসী

ভেষজ গুণে অনন্য তুলসী গাছ ঘরের ভেতরে রাখলে দিনে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। পাশাপাশি এটি বাতাসে থাকা কার্বন মনোক্সাইড, কার্বন-ডাই-অক্সাইড এবং সালফার-ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস শোষণ করে ঘরের পরিবেশকে নির্মল রাখে।

২. অ্যালোভেরা (ঘৃতকুমারী)

বহুমুখী উপকারিতার জন্য অ্যালোভেরা বিশ্বজুড়ে পরিচিত। ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে এমনকি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভ্যন্তরেও এই গাছ রাখা হয়। খুব সামান্য যত্নেই এটি বেড়ে ওঠে এবং এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি রাতের বেলাতেও অক্সিজেন ত্যাগ করে।

৩. স্নেক প্ল্যান্ট

অ্যালোভেরার মতো স্নেক প্ল্যান্টও রাতের বেলায় কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। ফলে শোবার ঘরে রাখার জন্য এটি অত্যন্ত উপযোগী। স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি আকর্ষণীয় গড়নের কারণে এটি ঘরের অন্দরসজ্জাতেও দারুণ আভিজাত্য নিয়ে আসে।

৪. অর্কিড

অর্কিডের নান্দনিক সৌন্দর্য যেকোনো ঘরের আবহ বদলে দিতে পারে। সাধারণত অধিকাংশ গাছ সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, তাই রাতে এই প্রক্রিয়া বন্ধ থাকে। তবে অর্কিড ব্যতিক্রম-এটি রাতেও অক্সিজেন ত্যাগ করে ঘরের বাতাসকে বিশুদ্ধ ও সতেজ রাখে। বেডরুমে বিছানার পাশে রাখার জন্য এটি দারুণ একটি গাছ।

৫. ব্যাম্বু পাম বা বাঁশ গাছ

ঘরের বাতাসে মিশে থাকা টলুইন, বেঞ্জিন ও ফর্মালডিহাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ও টক্সিন শোষণ করে অক্সিজেনের মাত্রা বাড়াতে এই গাছ দারুণ কার্যকর। নাসার গবেষণা অনুযায়ী, এই গাছ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঘরের বাতাসের প্রায় ৬০ শতাংশ বিষাক্ত উপাদান এবং ৫৮ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ দূর করতে সক্ষম।

৬. স্পাইডার প্ল্যান্ট

খুব অল্প আলোতেও সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালিয়ে যেতে পারা এই গাছটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যার ফলে এটি নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে। একটি পূর্ণবয়স্ক স্পাইডার প্ল্যান্ট প্রায় ২০০ বর্গমিটার এলাকার বাতাস পরিশুদ্ধ রাখতে পারে।