...|...|...

বিশ্ব

যে কারণে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২০
Shares
যে কারণে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান

হিন্দুধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে নারী কর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদ ছাড়ছেন আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিইর  প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রঁকো রুইভো। চলতি বছরের শেষেই তিনি আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্যারিসের ঐতিহ্যবাহী এই স্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই এক বিবৃতিতে রুইভোর পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করে। ২০১৮ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন।

ঘটনার সূত্রপাত চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। হিন্দুধর্মীয় সংগঠন বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে যায়।

গোষ্ঠীটির কঠোর লিঙ্গ-পৃথকীকরণ নীতির কারণে তাদের অনুরোধে দর্শনার্থী ব্যবস্থাপনা সহজ করতে নারী কর্মীদের কর্মস্থল ও নির্দিষ্ট কিছু এলাকা থেকে সরিয়ে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। এতে নারী কর্মীরা চরম অপমানিতবোধ করেন এবং প্রতিবাদে কর্মীরা ধর্মঘটে গেলে দর্শনার্থীদের জন্য আইফেল টাওয়ার বন্ধ হয়ে যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদেশি দর্শনার্থীদের দাবির মুখে আমাদের নারীদের সরে দাঁড়াতে বাধ্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার একে একটি ‘অযৌক্তিক ও অন্যায্য’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দেন।

অভ্যন্তরীণ তদন্তে ‘কার্যক্রম পরিচালনায় চরম ত্রুটি’ এবং এ ধরনের অগ্রহণযোগ্য শর্ত মেনে নেওয়ার কথা স্বীকার করেছে এসইটিই। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যারিয়েল ওয়েইল জানান, ভবিষ্যতে লিঙ্গসমতা নিশ্চিত করতে নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালুর পাশাপাশি প্রতিষ্ঠানে দায়িত্বশীল নেতৃত্ব পরিবর্তন আনা হচ্ছে।