...|...|...

সারাদেশ

যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের দ্বিতীয়াখণ্ড ইউনিয়ন শাখার সহ-সভাপতি শহিদ মাতুব্বরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশ থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে পাঁচ্চর বাসস্ট্যান্ড ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে ছাত্রদলের নেতাকর্মীরা শহিদ মাতুব্বরকে আটক করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, শহিদ মাতুব্বরের মোবাইল ফোনে নাশকতাসংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি পাওয়া গেছে। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক পেজে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও তারা দাবি করেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর বেপারী বলেন, দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের যুবলীগ নেতা শহিদ মাদবর নাশকতার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দুই দিন ধরে তাকে পাঁচ্চর ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বুধবার রাতে স্থানীয় নেতাকর্মীরা শহিদ মাদবরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।