...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ থেকে ইরানের ‘ফাদার অব অল বম্বস’ কতটা শক্তিশালী?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ থেকে ইরানের ‘ফাদার অব অল বম্বস’ কতটা শক্তিশালী?

ছবি: এআই

যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী অস্ত্র জিবিইউ-৪৩/বি বা ‘মাদার অব অল বম্বস’-এর হুমকির মুখে এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-এর পক্ষ থেকে এই নতুন অস্ত্রের নাম দেওয়া হয়েছে ‘ফাদার অব অল বম্বস’ বা সব বোমার বাবা।

তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ এবং জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার আইআরজিসির একজন মুখপাত্র জানিয়েছেন যে, তারা বর্তমানে অত্যন্ত শক্তিশালী এই নতুন অস্ত্রটি প্রকাশ্যে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। তবে নিরাপত্তা এবং কৌশলগত কারণে নতুন এই অস্ত্রের সঠিক প্রযুক্তিগত বিবরণ, এর বিস্ফোরণ ক্ষমতা বা কবে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান।

এর আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক বা সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে জিবিইউ-৪৩/বি বা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা বা হুমকি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের এই বৃহৎ প্রথাগত বোমাটি প্রায় ১০ টন ওজনের এবং এর বিস্ফোরণ ক্ষমতা প্রায় ১১ টন টিএনটি-র সমান। মার্কিন সামরিক বাহিনী একে তাদের অন্যতম প্রধান অ-পারমাণবিক বিধ্বংসী অস্ত্র হিসেবে গণ্য করে থাকে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ‘মাদার অব অল বম্বস’-এর বিপরীতে ইরানের পক্ষ থেকে ‘ফাদার অব অল বম্বস’ তৈরির এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিগত সংঘাতের পর থেকে দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং প্রথাগত সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে ইরানের এই নতুন অস্ত্রের প্রকৃত ধ্বংসক্ষমতা বা কার্যকারিতা কতটা শক্তিশালী, তা অস্ত্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হওয়ার পরই পরিষ্কার হবে।