আর্জেন্টিনার ফুটবলে এক যুগেরও বেশি সময় ধরে ১০ নম্বর জার্সি মানেই লিওনেল মেসি। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর কিংবদন্তি এই ফুটবলারের জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই ঐতিহাসিক এই জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আপাতত কোনো ফুটবলারকে মেসির ১০ নম্বর জার্সি দেওয়া হবে না।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ১০ নম্বর জার্সি পরবেন না কোনো ফুটবলার। মেসির স্মৃতিবিজড়িত জার্সিটি আপাতত ড্রেসিংরুমেই সংরক্ষিত থাকবে।
আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসিকে ছাড়া নতুন অধ্যায় শুরু করবে আর্জেন্টিনা। এরপর কোস্টারিকার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন মেসি। তাঁর বিদায়ের পর জার্সিটির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই। তবে ফিফা প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর জার্সি ব্যবহারের বাধ্যবাধকতা না থাকায় এখনই কাউকে এই দায়িত্ব দিতে চান না কোচ লিওনেল স্কালোনি।
ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হলে নতুন ১০ নম্বর জার্সিধারীর নাম ঘোষণা করতে পারে আর্জেন্টিনা।
সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লেন্সের বিপক্ষে ৯-১ গোলের ঐতিহাসিক জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখেছেন পাজ।
জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন এই তরুণ। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। বলিভিয়ার বিপক্ষে একটি গোলে সহায়তাও করেছেন পাজ।
পাজের সতীর্থ ভ্যালেন্তিন বারকোও তাঁকে মেসির যোগ্য উত্তরসূরি মনে করেন। তিনি বলেন, ‘নিকোর খেলার সবকিছুই আমার ভালো লাগে। ও যেভাবে খেলে, তা আমার খুব পছন্দ। আশা করি, ও ১০ নম্বর জার্সি পাবে। আমি এটা খুব চাই।’
তবে শুধু পাজই নন, মেসির উত্তরসূরি হওয়ার আলোচনায় রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ম্যাক অ্যালিস্টারের বিভিন্ন ক্লাবে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে মাঝমাঠে সৃজনশীল ফুটবলের জন্য পরিচিত এনজোও।
তবে একটি জায়গায় অন্যদের চেয়ে এগিয়ে মাস্তানতুয়োনো। বর্তমান আর্জেন্টিনা দলের একমাত্র ফুটবলার হিসেবে ইতোমধ্যে জাতীয় দলের হয়ে আনুষ্ঠানিক ম্যাচে মেসির ১০ নম্বর জার্সি পরেছেন তিনি। ইকুয়েডরের গুয়ায়াকিলে অনুষ্ঠিত ম্যাচে তাঁর গায়েই ছিল ঐতিহাসিক জার্সিটি।
শেষ পর্যন্ত মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। আপাতত জার্সিটি কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। ফলে এর নতুন উত্তরসূরি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।


