একসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিপক্ষ হিসেবে কাছ থেকে লিওনেল মেসির রূপ দেখেছেন, আর এখন ইন্টার মায়ামিতে দেখছেন সতীর্থ হিসেবে। সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামির ৭-১ ব্যবধানের বিশাল জয়ের ম্যাচে আর্জেন্টাইন জাদুকরের চার গোল দেখে নতুন করে মুগ্ধ ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরো।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চুক্তি শেষে চলতি গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরো নতুন ক্লাবের হয়ে নিজের প্রথম গোলও পেয়েছেন এই ম্যাচে। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়ে কাসেমিরো জোর দিয়ে বলেন, আর্জেন্টাইন অধিনায়ক এখনো বিশ্বের সেরা ফুটবলার, ২০২৬ বিশ্বকাপেই যার প্রমাণ মিলেছে।
মেসির প্রভাব নিয়ে ব্রাজিলের এই তারকা বলেন, ‘মেসি দলে থাকা মানেই বিশেষ কিছু। সে এমন একজন খেলোয়াড়, যে নিয়মিত ইতিহাস গড়ে। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে এবং তাকে সমর্থন দিয়ে যেতে হবে।’
মেসির সাথে সতীর্থ হিসেবে খেলার অভিজ্ঞতার কথা জানিয়ে কাসেমিরো আরও যোগ করেন, ‘তার সাথে খেলাটা উপভোগের বিষয়। সে এখনো বিশ্বের সেরা এবং তার উপস্থিতি আমাদের দলকে আরও শক্তিশালী করে তুলেছে।’
অথচ একটা সময় ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে কাসেমিরোর ছিল তুমুল দ্বৈরথ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লড়াইয়ের স্মৃতি পেরিয়ে দুজন আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে মোট ২০ বার মুখোমুখি হয়েছেন। যেখানে কাসেমিরো ও মেসি—দুজনেই জিতেছেন আটটি করে ম্যাচ, বাকি চারটি খেলা ড্র হয়েছে। মায়ামির হয়ে এ পর্যন্ত ৯ ম্যাচ খেলা কাসেমিরো ইতিমধ্যে ৬টি ম্যাচে মেসির সাথে একই একাদশে মাঠে নেমেছেন।


