...|...|...

খেলা

মেসি এক ম্যাচে চার গোল করেছেন যেসব দলের বিপক্ষে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:২৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩৭
Shares
মেসি এক ম্যাচে চার গোল করেছেন যেসব দলের বিপক্ষে

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বয়সে ৩৯ ছাড়িয়ে গেলেও পায়ের জাদু থামেনি লিওনেল মেসির। মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে রবিবার (৩০ আগস্ট) একাই করলেন চার গোল। সতীর্থ ও ক্লাবের বদল হলেও এলএমটেনের তুলির নিখুঁত টান যে এতটুকু বদলায়নি, সেটাই আরও একবার প্রমাণিত হলো।

পেশাদার ক্যারিয়ারে ১,১৭১ ম্যাচে মেসির মোট গোল এখন ৯২৭টি। ফুটবল ইতিহাস যেন এক নিখুঁত মহাকাব্যের অধ্যায়। ক্যারিয়ারজুড়ে ৬২টি হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি; যার মধ্যে বার্সেলোনায় ৪৮টি, আর্জেন্টিনার জার্সিতে ১১টি এবং ইন্টার মায়ামিতে ৩টি।

১,১৭১ ম্যাচের গোল-মানচিত্রে ৫৬০ ম্যাচে গোল পাননি মেসি। তবে ৩৬৬ ম্যাচে একটি, ১৮৩ ম্যাচে জোড়া গোল এবং ৫৩ ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। এর বাইরে ৯টি বিশেষ ম্যাচে তিনের বেশি গোল করেছেন তিনি, যেখানে একাই করেছেন ৩৮টি গোল।

এক ম্যাচে চার বা তার বেশি গোল করার সেই রোমাঞ্চকর পথচলা শুরু হয়েছিল ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে চার গোল দিয়ে। ২০১২ সালে ভ্যালেন্সিয়া ও এস্পানিওলের বিপক্ষে চার গোল করার পাশাপাশি বায়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ গোল করেন তিনি।

পরবর্তীতে ওসাসুনার বিরুদ্ধে ২০১৩ সালে এবং এইবারের বিপক্ষে ২০১৭ ও ২০২০ সালে দুবার চার গোল পান মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০২২ সালে এস্তোনিয়ার বিরুদ্ধে একাই করেছিলেন পাঁচ গোল। আর সবশেষ ইন্টার মিয়ামির হয়ে মন্ট্রিয়লের বিপক্ষে করলেন চার গোল।

হ্যাটট্রিকের বিচারে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ চারটি এবং আতলেতিকো মাদ্রিদ, এস্পানিওল, দেপোর্তিভো লা করুনিয়া ও ওসাসুনার বিপক্ষে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে মেসির। নীল-সাদা জার্সিতে ব্রাজিল, সুইজারল্যান্ড, বলিভিয়া, এস্তোনিয়া ও কুরাসাওয়ের মতো দলগুলোর বিপক্ষেও হ্যাটট্রিকের উৎসবে মেতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।