...|...|...

খেলা

ডি মারিয়ার জোড়া গোলে রোসারিওর দাপুটে জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১:০২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৪
Shares
ডি মারিয়ার জোড়া গোলে রোসারিওর দাপুটে জয়

আনহেল ডি মারিয়া। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোসারিও সেন্ট্রাল। এই বড় জয়ের মাধ্যমে লিগা প্রফেশনালের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি। দি মারিয়ার জোড়া গোলের পাশাপাশি ম্যাচে রোসারিওর আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায় রোসারিওর গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে, প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে মাঠ ছাড়লে ম্যাচের সমীকরণ আরও কঠিন হয়ে পড়ে অতিথিদের জন্য।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে রোসারিওকে এগিয়ে দেন ডি মারিয়া। বিরতির আগে গ্যাস্টন আভিলার ওপর কঠোর ফাউলের কারণে লাল কার্ড দেখেন আর্সে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মেনডোজার দল ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদিয়াকে।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গোলের ব্যবধান বাড়ায় রোসারিও। ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। এরপর জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেনের গোল ব্যবধান নিয়ে যায় ৫-০-তে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ের ফলে জোন ‘বি’ এর শীর্ষে উঠে এসেছে রোসারিও সেন্ট্রাল। ১২ ম্যাচে ছয় জয়, চার ড্র ও দুই হারে দলটির পয়েন্ট তালিকার অবস্থানও বেশ শক্তিশালী হয়েছে। লিগের সামগ্রিক পয়েন্ট তালিকায় তারা রয়েছে চতুর্থ স্থানে।

গত বছরের চ্যাম্পিয়নশিপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী মৌসুমে কোপা লিবের্তাদোরেসে খেলার লক্ষ্য রয়েছে রোসারিওর। অন্যদিকে, আলফ্রেডো বার্টির দল পয়েন্ট হারানোয় শীর্ষস্থান ধরে রাখার লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বোকা জুনিয়র্স, আর্জেন্তিনোস জুনিয়র্স, ভেলেজ ও রোসারিও সেন্ট্রাল সব দলই এখন শীর্ষে ওঠার দৌড়ে রয়েছে।

পরবর্তী রাউন্ডে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে, বড় পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের মাঠে তিগ্রেকে আতিথ্য দেবে ইন্ডিপেন্ডিয়েন্তে রিভাদিয়া।