আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পরও লিওনেল মেসিকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ হলেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন বিশ্বকাপজয়ী এই তারকা। এরই মধ্যে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি অপূর্ণতার কথা তুলে ধরে তাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস। তার মতে, মেসির ক্যারিয়ারে এখনো কোপা লিবের্তাদোরেসে খেলার অভিজ্ঞতা যোগ হওয়া বাকি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আর্জেন্টিনা ও বেনিনের মধ্যকার প্রীতি ম্যাচকে কেন্দ্র করে মনুমেন্টাল স্টেডিয়ামে মেসি ও তার পরিবারের সাথে দেখা হয় দোমিঙ্গেসের। ওই সাক্ষাতেই আর্জেন্টাইন তারকার সামনে কোপা লিবের্তাদোরেসে খেলার প্রস্তাব তুলে ধরেন তিনি। এ সময় মেসির ক্যারিয়ারে এই প্রতিযোগিতায় অংশ নেওয়াকেই বাকি থাকা একটি অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন কনমেবল সভাপতি।
মেসিকে উদ্দেশ্য করে দোমিঙ্গেস বলেন, ‘আমার মনে হয়, তার ক্যারিয়ারে একমাত্র যে জিনিসটি বাকি আছে, সেটি হলো কোপা লিবের্তাদোরেস খেলা।’ এরপর মজা করে তিনি চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘তুমি কি চ্যালেঞ্জটা গ্রহণ করবে?’ তবে কনমেবল সভাপতির এই প্রস্তাবের বিষয়ে মেসির কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। আপাতত এ নিয়ে নীরব রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
দোমিনগেসের এই চ্যালেঞ্জের পেছনে রয়েছে কোপা লিবের্তাদোরেসে নতুন ক্লাব অন্তর্ভুক্তির সম্ভাবনা। মেক্সিকোর ক্লাবগুলোকে আবারও দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ফিরিয়ে আনার বিষয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। একই সাথে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবগুলোকে এই আসরে যুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসির কোপা লিবের্তাদোরেসে অংশ নেওয়ার পথ তৈরি হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এমএলএসে খেলছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে মেসিকে ঘিরে দোমিঙ্গেসের এই চ্যালেঞ্জ আপাতত সম্ভাবনা ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।


