...|...|...

সারাদেশ

মেঘনা নদী থেকে নারীসহ দুজনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০
Shares
মেঘনা নদী থেকে নারীসহ দুজনের লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে দুজনের লাশ উদ্ধার। ছবি: টাইমস টুডে

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ। লাশ দুটির পরিচয় শনাক্তে কার্যক্রম চলমান বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাদের হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। নারীর দুই পা দড়ি দিয়ে বাঁধা থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আর পুরুষের লাশে পচন ধরেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি লাশ দুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।