সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।
রবিবার (১৪ জুন) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।
রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন। এ সময় আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরও আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

