মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। গত দুই মাসে জেলার বড় মাদক কারবারিদের তালিকা তৈরি করে অভিযান চালানো হয়েছে। তালিকাভুক্ত প্রায় সাড়ে ৩০০ মাদক কারবারির মধ্যে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, মাদকের সাথে যেই সম্পর্কিত থাকুক, তিনি যেকোনো ব্যক্তি হতে পারেন, যেকোনো লেভেলের লোক হতে পারেন-কেউ ছাড় পাবেন না। বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এটি স্পষ্ট মেসেজ। মাদকের সাথে সম্পৃক্ত হলে আপনাকে আইনের আওতায় আসতেই হবে-আজ অথবা কাল। আপনি যেকোনো দলের হতে পারেন, যেকোনো পরিচয়ের মানুষ হতে পারেন, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে আপনাকে আইনের আওতায় আসতে হবে। এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় গণসচেতনতামূলক কর্মসূচি করেছি। বিভিন্ন খেলার মাঠে গিয়েছি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে কথা বলেছি এবং নানা ধরনের কর্মসূচি করেছি। এসব কর্মসূচিতে তারা আমাদের সাথে হাত তুলে মাদকবিরোধী প্রতিজ্ঞা করেছেন।
তিনি আরও বলেন, আমি আসার পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে মাদকসংক্রান্ত কোনো তদবির পাইনি। আমরা মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করছি।
পুলিশ সুপার বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশ নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


