...|...|...

সারাদেশ

মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৬
Shares
মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই ব্যক্তি ভারতে ফিরে যেতে বাধ্য হন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের খোসালপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের গেট খুলে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে (পুরুষ) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই ব্যক্তি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির খোসালপুর বিওপির টহলদলের নজরে আসেন। এ সময় খোসালপুর বিওপির টহলদল ওই ব্যক্তিকে ভারতে ফিরে যেতে বাধ্য করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুশইনের শিকার ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবি'র তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশইন এর চেষ্টা কার্যকর ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সাথে তৎপর রয়েছে।