দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
ঘটনার পর ওই সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।


