মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে এবং ওয়াশিংটন পুরো অঞ্চলজুড়ে ‘অপমানজনক পরিস্থিতির’ মুখোমুখি হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।
ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, কানি বলেছেন, মার্কিন আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের একটি নতুন যুগের সাক্ষী হচ্ছে ইরান। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের পর ‘লেবানন থেকে ইরাক’ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়েছে।
ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির প্রসঙ্গ টেনে কানি বলেন, “যুক্তরাষ্ট্রকে তার সমস্ত সক্ষমতা ও শক্তি নিয়ে ইরাক থেকে বিতাড়িত করা হয়েছে।”
তবে যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে পূর্বনির্ধারিত একটি ধাপভিত্তিক সামরিক রূপান্তর পরিকল্পনা ছিল। মার্কিন প্রতিরক্ষা বিভাগের নথি অনুযায়ী, আইএসবিরোধী জোটের মিশন ধাপে ধাপে সীমিত করে একটি দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্কের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল।
কানি লেবাননের পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নির্মূল করার কথা বললেও সংগঠনটি এখনো ‘দৃঢ় অবস্থানে’ রয়েছে।


