...|...|...

খুলনা

মুজিবের খামারে আ.লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, রাত ৮:১৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ২:৩৪
Shares
মুজিবের খামারে আ.লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি

১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান চলাকালে যশোরের কেশবপুরে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণে জুয়েল (৩৫) নামে এক মোটর শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কেশবপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুয়েল মধ্যকুল গ্রামের ব্যবসায়ী খানের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, জুয়েলের পায়ে মারাত্মক জখম হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার অর্থ প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছিল।

অনুষ্ঠান চলাকালে পৌর শহরের একটি ফিলিং স্টেশনের উত্তর পাশে জেলেপাড়া সড়কের মুখে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পথচারী জুয়েলের পায়ে স্প্লিন্টার লেগে গুরুতর জখম হন।
ঘটনাস্থল থেকে পুলিশ আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে শুক্রবার রাতে মধ্যকুল এলাকায় মজিবুর রহমান মুজিবের একটি মৎস্য খামারে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করেন।

তাদের দাবি, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক মোড়ল এবং সাবেক কাউন্সিলর কামাল খানের নেতৃত্বে ১৫-২০ জন এতে অংশ নেন।

বিষয়টি পুলিশকে জানানো হলেও আগাম ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, গত রাতে মধ্যকুল গ্রামের একটি মৎস্য ঘেরে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি রোকসানা খাতুন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহত জুয়েলের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।