ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ভেজাল বা বিষাক্ত মদ পানে অন্তত নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন গ্রামের এই বাসিন্দারা গত শনিবার রাতে মদ পানের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
রবিবার (৬ সেপ্টেম্বর) ইন্ডিয়া টুডের প্রাথমিক তথ্যানুযায়ী, সাগরের ঘুঘর, নাওরাজ, বারাজ এবং এর আশপাশের এলাকার বেশ কয়েকজন ব্যক্তি গত শনিবার রাতে মদ পান করেছিলেন। মদ পানের ঠিক পরপরই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনিক ও পুলিশ কর্তৃপক্ষ দ্রুত ওই এলাকায় পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।


