ভারতের অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় বিদ্রোহীদের অতর্কিত হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জওয়ান। ভারত-মিয়ানমার সীমান্তের কাছে সেনাটহলের ওপর হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভারত-মিয়ানমার সীমান্তসংলগ্ন চাংলাং এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই সময় ২১ আসাম রাইফেলসের জওয়ানরা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকাজের জায়গায় নিয়মিত টহলে ছিলেন।
নিহত জওয়ানের নাম জানখোকাই কুকি (৪২); তিনি হাবিলদার পদে কর্মরত ছিলেন। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্যানুযায়ী এনএসসিএন-কে-ওয়াইএ গোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর হামলাকারী বিদ্রোহীদের নির্মূল করতে পুরো এলাকায় ব্যাপক চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় যৌথ নিরাপত্তা বাহিনী।
দীর্ঘদিন ধরেই ভারত-মিয়ানমার সীমান্তবর্তী চাংলাং অঞ্চলটি বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল হিসেবে পরিচিত।


