...|...|...

খেলা

ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য চমক রেখে দল ঘোষণা করল ব্রাজিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৬
Shares
ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য চমক রেখে দল ঘোষণা করল ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের হতাশা ভুলে নতুনভাবে দল পুনর্গঠন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ সিরিজের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ঘোষিত দলে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকাদের পাশাপাশি চোট কাটিয়ে ফিরেছেন এস্তেভাও ও ওয়েসলি। তবে দলে কোনো অভিজ্ঞ গোলরক্ষক না রাখাটা বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন ও তরুণ ফুটবলারদের পরখ করে দেখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) ওয়েবসাইটে আনচেলত্তি জানান, প্রীতি ম্যাচগুলোর মাধ্যমে জাতীয় দলে নতুন ও তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হবে, যাতে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে এই সফরে ব্রাজিলের অভিযান শুরু হবে অস্ট্রেলিয়ায়। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও ব্রিসবেনে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। ২০১৭ সালে মেলবোর্নে সর্বশেষ দেখায় অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

এরপর ৩ অক্টোবর কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ভারতীয় জাতীয় দলের বিপক্ষে এটিই হবে ব্রাজিলের প্রথম কোনো ম্যাচ। এর আগে ১৯৭৭ সালে পেলের স্মারক ম্যাচের পর এটিই কলকাতার সঙ্গে সেলেসাওদের সবচেয়ে বড় সংযোগ।

ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।