...|...|...

আইন ও আদালত

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, সকাল ৯:৩৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:১৩
Shares
বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন,দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন তথা টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এরইমধ্যে বিচার চলছে। এ মামলার অন্যতম আসামি বেনজীর আহমেদ। এছাড়া শাপলা চত্বরের মামলার তদন্ত প্রায় শেষের দিকে। কক্সবাজারের টেকনাফে একরামুল হত্যার ঘটনায়ও আমরা ফরমাল চার্জ তৈরি করেছি। খুব দ্রুতই এ চার্জ দেওয়া হবে। ’

আমিনুল ইসলাম জানান, অসংখ্য গুমের সাথে বেনজীর আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের বাইরেও অসংখ্য অভিযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের তিনটি ওয়ারেন্ট ইস্যুর নথি এরই মধ্যে সরকারের কাছে পাঠিয়েছি। এরপর এসব ইন্টারপোলে যাবে। একইসাথে তাকে দেশে ফেরত চেয়ে চিঠির মাধ্যমে আবেদন জানানো হয়েছে।

আগামী এক মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীরকে বাংলাদেশে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। 
তিনি জানান, আমাদের দেওয়া সব প্রক্রিয়া শেষ হতে এক মাস সময় লাগবে। আর এসব কাজ সম্পন্ন হলেই দেশটির সরকার তাকে ফেরত দেবে বলে আমরা আশা করছি।

দেশে ফিরলেই বেনজীরকে রিমান্ড বা জিজ্ঞাসাবাদে নেওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে আসার পরই তাকে জিজ্ঞাবাদে নেওয়া হবে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য-প্রমাণ পাওয়ার ব্যাপার রয়েছে। তিনি বাংলাদেশে এমন কোনো দুর্নীতি নেই যা করেননি। অতএব তাকে যা যা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আমরা করবো।’