ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তি এবং ভাস্কর্যটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজিম তিতলিসহ আরও অনেকে।
বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভাঙচুর হওয়া ভাস্কর্যটি দ্রুত পুনর্নির্মাণেরও দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৫ জুলাই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন কয়েকজন শ্রমিক। ঘটনার পর স্থানীয় প্রশাসন প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানায়। পরে ভাস্কর্যটি অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।


