...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১১:২১
Shares
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের গুঞ্জন এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে গিয়ে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়।

দিনের পরবর্তী লেনদেনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার এবং ডব্লিউটিআই ৯২ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে নতুন হামলা ও কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধের আশঙ্কাই জ্বালানির বাজার ঊর্ধ্বমুখী হওয়ার মূল কারণ।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে।

যদিও হামলার নির্দিষ্ট সময়সূচি এখনো নির্ধারিত হয়নি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দেননি, তবে এর প্রভাবেই হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এর আগে বুধবার (৭ অক্টোবর) কাতারের উত্তরাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকারে একাধিক হামলার খবর পাওয়া যায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানা সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে দেশটির জ্বালানি উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ায় তেলের বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বেড়েছে।