বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন করে দল গড়ার মিশনে নামছে ব্রাজিল। সেই পুনর্গঠনের প্রথম পরীক্ষায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচের প্রীতি সিরিজে আজ মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে ব্যর্থ দুই দল। নতুনদের সুযোগ দিয়ে শক্তিশালী একটি দল তৈরির লক্ষ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।
বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার টাউন্সভিলে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর আগামী মঙ্গলবার ব্রিসবেনে হবে দ্বিতীয় ও শেষ লড়াই। গত জুলাইয়ে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর এটিই দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পথচলা থেমেছিল শেষ ৩২-এ। আর ব্রাজিলকে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল নরওয়ের কাছে হেরে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিদায়ে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়। এরপরই দল পুনর্গঠনের উদ্যোগ নেন কোচ কার্লো আনচেলত্তি।
অস্ট্রেলিয়া সফর এবং আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে বড় পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডের মাত্র নয়জন এবার জায়গা ধরে রেখেছেন। নতুন দলে অভিষেকের অপেক্ষায় আছেন ১০ ফুটবলার।
তবে পুরোপুরি তরুণদের ওপর নির্ভর করছেন না আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওসের মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও রাখা হয়েছে দলে। নতুনদের সাথে অভিজ্ঞদের সমন্বয়ে দলকে নতুনভাবে দাঁড় করাতে চান ব্রাজিল কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশও আগেই জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। গোলবারে থাকবেন এক ম্যাচের অভিজ্ঞ উগো সুজা। রক্ষণে মাতেউজিনিও, মার্কিনিওস, ভিতর রেইস ও দগলাস সান্তোস। মাঝমাঠে খেলবেন দানিলো সান্তোস ও ব্রুনো গিমারাইস।
আক্রমণভাগে থাকছেন বার্সেলোনায় নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া। তার সাথে খেলবেন এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ব্রুনো গিমারাইস। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিভা উঠে আসে। এমন একটি শক্তিশালী ভিত্তি থাকা খুব প্রয়োজন, যাতে কোচ সব সময় নতুনদের সুযোগ দিতে পারেন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের গুরুত্বও তুলে ধরেছেন এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়ার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আশা করি লড়াইটা দারুণ হবে। ইদানীং আমাদের সময় ভালো যাচ্ছে না। তবে আমার মনে হয় সুন্দর ফুটবল খেলে ম্যাচ জেতাই এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায়।’
ব্রাজিলের মতো অস্ট্রেলিয়াও বিশ্বকাপের ব্যর্থতার পর দলে পরিবর্তন এনেছে। কোচ টনি পপোভিচ বিশ্বকাপ স্কোয়াডের ১০ খেলোয়াড়কে এবার রাখেননি। তাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ম্যাট রায়ানও। ফলে দুই দলের জন্যই টাউন্সভিলের ম্যাচটি হয়ে উঠছে বিশ্বকাপ-পরবর্তী নতুন শুরুর পরীক্ষা।



