...|...|...

খেলা

মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৮
Shares
মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

র‍্যাংকিংয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবধান ৪৫ ধাপ। মাঠের লড়াইয়েও দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট। সর্বশেষ ১০ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি, বিপরীতে হার ৭ ম্যাচে, অন্য দুটি শেষ হয়েছে ড্রয়ে। এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই ফিফা আসিয়ান কাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি ও কয়েকটি ভালো ফল থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে মালয়েশিয়াকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত টমাস ডুলির দল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্নো স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে।

একসময় মালয়েশিয়ার বিপক্ষে নিয়মিতই খেলত বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালের এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেবার ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও মুখোমুখি হচ্ছে তারা, তবে এবার মঞ্চটা ভিন্ন,ফিফা আসিয়ান কাপ।

বর্তমান বাংলাদেশ দল অবশ্য আগের চেয়ে অনেকটাই বদলেছে। র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন না এলেও হামজা চৌধুরী ও সমিত শোমদের মতো প্রবাসী ফুটবলারদের সংযোজনে দলের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা বেড়েছে। এর প্রমাণও মিলেছে সাম্প্রতিক ম্যাচগুলোতে। গত জুনে সান মারিনোকে তাদের মাঠেই হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতকেও হারানোর অভিজ্ঞতা আছে জামাল ভূঁইয়াদের।

হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। সেই পারফরম্যান্স থেকেই আজকের ম্যাচে ইতিবাচক ফলের আশা করতে পারে দল। অতীতও কিছুটা অনুপ্রেরণা জোগাতে পারে। ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে আশীষ ভদ্র ও বাদল রায়ের গোলে মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

তবে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচটিকে কঠিন বললেও পয়েন্ট পাওয়ার আশা ছাড়ছেন না তিনি। গতকাল সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘এটা খুবই কঠিন একটা ম্যাচ হবে। তবে দল হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং যদি আমরা পয়েন্ট পাই ভালোই হবে। আমার মনে হয়, পুরো টুর্নামেন্টে এক-দুটি ম্যাচ জিততে পারলে সেটাই হবে ইতিবাচক। তখন সফরটাকে সফলও বলা যাবে।’

বাস্তবতার কথা মাথায় রেখেই মাঠে নামতে চান কোচ টমাস ডুলি। তবে বড় দলের বিপক্ষে চমক দেখানোর স্বপ্নও দেখছেন তিনি। তার মতে, মালয়েশিয়ার বিপক্ষে ড্র কিংবা জয়—দুটিই বাংলাদেশের জন্য বড় অর্জন হতে পারে। ডুলি বলেন, ‘স্বপ্ন দেখতে তো মানা নেই। তবে আমাদের বাস্তবতাও মাথায় রাখতে হবে। মালয়েশিয়া আমাদের চেয়ে র‍্যাংকিংয়ে এগিয়ে। তাদের সাথে ড্র করতে পারলে বা একটা জয় পেলে দারুণ কিছু হবে।’

আসিয়ান কাপকে অবশ্য শুধু ফলের বিচারে দেখছেন না ডুলি। আগামী ৪ নভেম্বর ঘরের মাঠে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও ভারত আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করায় বাংলাদেশ আমন্ত্রণ পায় এই টুর্নামেন্টে। তাই সাফের প্রস্তুতির অংশ হিসেবেও আসরটিকে কাজে লাগাতে চান কোচ।

ডুলির ভাষায়, ‘এটি এমন একটি টুর্নামেন্ট, যেখান থেকে আমরা নতুন কিছু শেখার আশা করছি। হয়তো কিছু ভুল হবে, আশা করি খুব বেশি ভুল হবে না, যাতে আমরা তা থেকে শিখতে পারি এবং পরের ম্যাচগুলোতে, বিশেষ করে সাফ টুর্নামেন্টে কাজে লাগাতে পারি।’

তবে আসরটিকে শুধুই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখার সুযোগ নেই। শিরোপার পাশাপাশি রয়েছে প্রাইজমানিসহ বিভিন্ন পুরস্কার। প্রতিপক্ষদের তুলনায় নিজেদের পিছিয়ে রেখেই টুর্নামেন্টে নামছে বাংলাদেশ। ডুলি বলেন, ‘আমি জানি, বাংলাদেশের অনেক সমর্থক ভাবেন যে আমরা এখানে এসে সবাইকে হারিয়ে দেব। কিন্তু এটা অনেক কঠিন। আমাদের প্রতিপক্ষরা সবাই র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। এই টুর্নামেন্টে আমরাই আন্ডারডগ।’

আসরে ১৪টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। ডিভিশন-ওয়ানের দুই গ্রুপে রয়েছে চারটি করে দল, আর ডিভিশন-টুতে দুই গ্রুপে তিনটি করে দল। দুই ডিভিশনের গ্রুপসেরা দলগুলো সরাসরি ফাইনালে খেলবে। ডিভিশন-ওয়ানের দুই গ্রুপের রানার্সআপরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

বাংলাদেশ রয়েছে ডিভিশন-ওয়ানের ‘এ’ গ্রুপে। মালয়েশিয়ার পাশাপাশি এই গ্রুপে আছে সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আজ মালয়েশিয়ার বিপক্ষে শুরু করে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে ডুলির দল।

মালয়েশিয়ার বিপক্ষে আজকের ম্যাচের পাশাপাশি পরের দুই ম্যাচও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। এই তিন ম্যাচে পারফরম্যান্সই সাফ চ্যাম্পিয়নশিপের আগে দলটির বর্তমান অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।