...|...|...

অপরাধ

বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মোট ওজন ৮৬১ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অলংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে স্বর্ণ দেশে এনে রাজস্ব ফাঁকি দেওয়া এবং চোরাচালানের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সুপার বলেন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এয়ারপোর্ট এপিবিএন নিয়মিত অভিযান পরিচালনা করছে। স্বর্ণ ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।