বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক ও সাবেক মহাপরিচালক (ডিজি) মুস্তাফিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’ ও সিনেমা ‘শঙ্খনীল কারাগার’-এর এই গুণী নির্মাতার প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মুস্তাফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সময়ের সহকর্মী রাজন হাসান। তিনি জানান, বর্তমানে মরহুমের মরদেহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত তার দুই ছেলে দেশে ফেরার পর আগামী ৩০ জুলাই মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে।
বাংলা টেলিভিশন নাটকের বিকাশে মুস্তাফিজুর রহমানের নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি অনন্য ভূমিকা রেখেছিল। বিটিভির বহু দর্শকপ্রিয় নাটক ও বৈচিত্র্যময় প্রযোজনার পেছনে মূল কারিগর ছিলেন তিনি। কর্মজীবনে সফল এই প্রডিউসার পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের শীর্ষ পদ মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিটিভি ছাড়ার পর তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘বাংলাভিশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন।
কেবল সফল প্রযোজক বা প্রশাসনিক ব্যক্তিত্বই ছিলেন না, দেশের নতুন প্রজন্মের অসংখ্য গণমাধ্যমকর্মী ও নাট্যকুশলী গড়ে তুলতেও তার ভূমিকা ছিল অপরিসীম। দেশের বিশিষ্ট এই গণমাধ্যম ব্যক্তিত্বের তিরোধানে তাঁর সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

