...|...|...

আইন ও আদালত

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করুন: অ্যাটর্নি জেনারেল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করুন: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কিংবা বিচারাঙ্গনের অন্য কোথাও অনিয়ম, দুর্নীতি বা অসঙ্গতি চোখে পড়লে তা যাচাই করে বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সাথে তার আত্মিক সম্পর্ক রয়েছে। পেশাগত জীবনে দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতা থাকায় সাংবাদিকদের কাজের বিভিন্ন দিক তিনি বোঝেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কিংবা প্রশাসনের কোনো পর্যায়ে অনিয়ম, অনাচার বা দুর্নীতি দেখা গেলে তা বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর আদালতকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এসব প্রতিবেদনের কিছু ইতিবাচক ফলও পাওয়া গেছে।

একটি ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, হাইকোর্টের একটি বেঞ্চে একই বিষয়ে একাধিক আদালতে পিটিশন করার ঘটনা ঘটেছে। এমনকি আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের পরও পরবর্তী সময়ে আরেকটি আদেশ নেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে এনে তিনি এটিকে গুরুতর পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছেন বলে জানান।

বিচারাঙ্গনে অনিয়মের কারণে পুরো আইনজীবী সমাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আদালত ও আইনাঙ্গন অনেক মানুষের জীবিকা ও পেশার সাথে যুক্ত। কয়েকজনের অনিয়মের কারণে পুরো প্রতিষ্ঠান বা পেশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।

সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আদালতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা থাকলেও বিচারাঙ্গনের অসঙ্গতি ও অনিয়ম সামনে আনার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে।

তবে শুধু নেতিবাচক সংবাদ নয়, বিচারাঙ্গনে ইতিবাচক কার্যক্রমও তুলে ধরার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রধান বিচারপতির বিভিন্ন উদ্যোগ ও কর্মতৎপরতায় সম্প্রতি আপিল বিভাগ ও হাইকোর্টে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এসব তথ্যও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

তিনি বলেন, আদালত সম্পর্কে মানুষের মধ্যে কোনো ভুল বার্তা যাক, তা তিনি চান না। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই প্রত্যাশা।

এর আগে দুপুর ১টায় কেক কেটে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি আইনজীবী শেখ আলী আহমেদ খোকন, বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খানসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। এতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।