...|...|...

আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেল কে? তার বক্তব্যই অপ্রাসঙ্গিক: মাহবুব উদ্দিন খোকন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
অ্যাটর্নি জেনারেল কে? তার বক্তব্যই অপ্রাসঙ্গিক: মাহবুব উদ্দিন খোকন

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস থেকে প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চ উঠে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেছেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য এ ঘটনায় অপ্রাসঙ্গিক এবং তিনি আইনজীবীদের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাকে ১১ বার নির্বাচিত করেছেন। তাই আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থীদের স্বার্থের কথা বলার দায়িত্বও তার রয়েছে। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এরপরও তিনি কীভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিতে পারেন, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হাইকোর্টে এখনো এমন কিছু বিচারপতি রয়েছেন, যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি। তা না হলে আইনজীবীরা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন।

এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদের একপর্যায়ে আপিল বিভাগের প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চ এজলাস ত্যাগ করেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয় এবং বিষয়টি জাতীয় সংসদেও উঠে আসে।

এ ঘটনার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুস কাজলও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদের কল্যাণ ও স্বার্থের কথা প্রধান বিচারপতির কাছে বলেছেন বলে দাবি করলেও মামলার কার্যধারায় এ ধরনের কোনো বক্তব্যের প্রতিফলন পাওয়া যায়নি।