বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তার লালিত-পালিত পুলিশ বাহিনী বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। ফেনীর শহীদ হারুন উর রশিদের মতো দেশের প্রতিটি জেলা ও গ্রামের শত শত বিএনপি নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে শহীদ হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ফেনীতে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা শহীদ হারুন উর রশিদের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা রাতে নিজেদের ঘরেও নিরাপদে ঘুমাতে পারেননি। পুলিশ বাহিনী বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে, নির্যাতন করেছে। অনেককে গুলি করে হত্যা করা হয়েছে।
শহীদ হারুন উর রশিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হারুন সেই দলের একজন ছোট কর্মী ছিলেন। তাকে পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। হারুন কোনো সেতুর টাকা কিংবা ব্যাংকের টাকা লুট করেনি। অথচ তাকে নির্মমভাবে হত্যা করে তার তিন সন্তানকে এতিম করা হয়েছে।
রিজভী বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও শহীদ হারুনের পরিবারের খোঁজখবর নিয়েছেন। এখনও নিচ্ছেন এবং আগামীতেও শহীদ পরিবারের পাশে থাকবেন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে আজ হারুনের পরিবারকে ঘর উপহার দিতে এসেছি। শুধু হারুন নয়, যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, অতীতের সেই অন্ধকার দুঃসময় ও দুর্দিন যেন আর ফিরে না আসে, সেজন্য ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে। যারা দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন এবং গণতন্ত্রের আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন ও সহযোগিতা করতে হবে।
রিজভী আরও বলেন, গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ নেই। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যে পরিবারের সদস্যরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে তারেক রহমান গণতন্ত্রের পতাকা বহন করছেন।
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শহীদ হারুন স্মরণ সভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় বিএনপির সদস্য বেলাল আহমেদ, জালাল আহমেদ ও মশিউর রহমান বিপ্লব, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


