ব্যবসায়ী ও সমাজসেবক ফাহাদ খন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের ইউনিমার্ট রেস্টুরেন্টে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপির হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলে যোগ দেন।
ফাহাদ খন্দকারের বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তার এই যোগদানে বাকেরগঞ্জ বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান নাসিম, বিএনপি নেতা শামীম গাজীসহ অনেকে।
অনুষ্ঠানে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কৃতি সন্তান ফাহাদ খন্দকার ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি বিএনপিতে যোগদান করছেন। বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করে অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অনেক কীর্তিমান সন্তানদের বিসর্জন দিয়েছে দল ও দেশের জন্য। সেই দলের জন্য মানুষের আগ্রহ ও আকাঙ্ক্ষা, এত জুলম নির্যাতনের পরেও দলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই দলে যোগদানকারী ফাহাদ খন্দকারের সফলতা কামনা করি।


