বাড়ি বাড়ি ঘুরে তালবীজ সংগ্রহ করেন তারা। এরপর সড়কের দুই পাশে সেই বীজ রোপণ করে গড়ে তুলতে চান সবুজ পরিবেশ। বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই জয়পুরহাটের কালাইয়ে রেনেসাঁ ’২৪ ফাউন্ডেশন শুরু করেছে ধারাবাহিক তালবীজ রোপণ কর্মসূচি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার আনুফকির থেকে পূর্বকৃষ্টপুর অভিমুখী সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ২ হাজার তালবীজ রোপণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকেরা নিজেরাই এতে অংশ নেন।
সংগঠনের উপদেষ্টা মো. আল আমিন বলেন, চলতি বছর ১০ হাজার তালবীজ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর পর্যন্ত ২০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে ১ লাখ তালবীজ রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। তবে পর্যাপ্ত তালবীজ না পাওয়ায় নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আরও বেশি সময় লাগতে পারে।
তালবীজ সংগ্রহ থেকে রোপণ পর্যন্ত পুরো কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবকেরাই যুক্ত থাকছেন। উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তালবীজ সংগ্রহ করে সড়কের পাশে রোপণ করা হচ্ছে।
রেনেসাঁ ’২৪ ফাউন্ডেশনের সভাপতি মোস্তা হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ রিজু, প্রতিষ্ঠাতা সদস্য মো. আল আমিন, মো. মেজবাউল হক ও নূর মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
সভাপতি মোস্তা হাবিবুল ইসলাম বলেন, প্রতিবছর ধারাবাহিকভাবে তালবীজ সংগ্রহ ও রোপণের মাধ্যমে পাঁচ বছরের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে চান তারা। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে তালগাছের সংখ্যা বাড়বে, অন্যদিকে পরিবেশ রক্ষা ও বজ্রপাতের ক্ষতিকর প্রভাব নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।
বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা তালবীজ সড়কের পাশে রোপণের এই উদ্যোগকে শুধু একটি দিনের কর্মসূচি হিসেবে নয়, ধারাবাহিক পরিবেশ ও সচেতনতামূলক কার্যক্রম হিসেবে এগিয়ে নিতে চায় রেনেসাঁ ’২৪ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের সমাজসেবামূলক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


