...|...|...

বিনোদন

বাপ্পারাজ সরে দাঁড়ালেও শিল্পী সমিতির নির্বাচনে সক্রিয় আরমান-মুক্তি প্যানেল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, সকাল ১১:৫৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১১
Shares
বাপ্পারাজ সরে দাঁড়ালেও শিল্পী সমিতির নির্বাচনে সক্রিয় আরমান-মুক্তি প্যানেল

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। তার নেতৃত্বাধীন প্যানেলে সাধারণ সম্পাদক পদে ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাপ্পারাজ। এতে তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এরপরও মনোনয়নপত্র জমার দিনে সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হন বাপ্পারাজ। যদিও তিনি স্পষ্ট করেন, তিনি প্রার্থী হিসেবে নয়, বরং নিজের গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। তিনি বলেন, তিনি আগেই মুক্তি ও সংশ্লিষ্টদের জানিয়ে রেখেছিলেন যে, প্যানেলের পাশে থাকবেন।

এই বিষয়ে রুমানা ইসলাম মুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বাপ্পারাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিল্পী সমিতি নির্বাচনে আরমান–মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা সম্পন্ন হয়েছে এবং বাপ্পারাজের উপস্থিতি তাদের জন্য উৎসাহের বিষয় ছিল।

এদিকে বাপ্পারাজের সরে দাঁড়ানোর পর সভাপতি পদে নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় আসেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা ও প্রযোজক আরমান। তার নেতৃত্বেই এখন আরমান–মুক্তি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

আগামী ৩ জুলাই এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।