নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
গত ৪ জুলাই রাতে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে গুরুতর আহত অবস্থায় স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।
কিন্তু মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে র্যাব-১১।


