পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইমতিয়াজ হোসেন (৪৫), মো. সুমন আকন (৩০) ও মো. মোশারফ মৃধা (৪৩)। তারা নওমালা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানার একটি দল পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পাশে থাকা একটি টিনের টংঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ওই ঘর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ইমতিয়াজ হোসেন, সুমন আকন ও মোশারফ মৃধাকে গ্রেফতার করে পুলিশ।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


