...|...|...

চট্টগ্রাম

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন সজীব

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫২
Shares
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন সজীব

দুধ দিয়ে গোসল। ছবি: টাইমস টুডে

খাগড়াছড়ির রামগড়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন সজীব মিয়া (২৬) নামের এক যুবক। জুয়া থেকে ফিরে আসার প্রত্যয় জানিয়ে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাকে সাধুবাদ জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে লামকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সজীব মিয়া ওই গ্রামের নুরুন্নবীর ছেলে। পেশায় সবজি ব্যবসায়ী সজীবের লামকুপাড়ায় একটি সবজির দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অনলাইন ক্যাসিনো জুয়ায় আসক্ত ছিলেন সজীব। শনিবার দুপুরে জুয়া ছাড়ার শপথ অনুযায়ী তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার গায়ে দুধ ঢেলে দেন।

সজীব মিয়া বলেন, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখে প্রায় সাত-আট বছর আগে ক্যাসিনো জুয়ায় আসক্ত হন তিনি। এ সময়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন। পকেটে ৫০ টাকা থাকলে আরও ১০০ টাকা ধার করে জুয়ায় খাটাতেন। আসক্তি থেকে মুক্তি পেতে একবার স্মার্টফোন ভেঙে ফেললেও পরে আবার জুয়া খেলার তাড়না জেগে উঠত।

তিনি জানান, প্রায় দুই মাস আগে চূড়ান্তভাবে জুয়া ছাড়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে বিয়েও করেন। নববধূও তাকে জুয়া ছাড়ার শপথ করান। পরে নিজের ভুল ও বিপথগামী হওয়ার কথা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে জুয়া থেকে চিরতরে ফিরে আসার প্রতিশ্রুতি দেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই শনিবার সবার উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন তিনি।

সজীব আরও বলেন, যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত, তারা যেন জীবন ধ্বংসের মতো এই খেলা এখনই ছেড়ে দেন। আমি সততার সঙ্গে ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন।

সজীবের এই আত্ম-উপলব্ধি ও প্রকাশ্য শপথকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক মহলের প্রতিনিধিরা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, সজীবকে তার এমন আত্ম-উপলব্ধির জন্য ধন্যবাদ জানাই। অন্য বিপথগামীরাও যেন তাকে অনুসরণ করে, সেটাই আমাদের প্রত্যাশা।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এটা বিরল ঘটনা। সমাজের জন্য একটি দৃষ্টান্ত। তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি জুয়ায় আসক্তদেরও ক্যাসিনো ছেড়ে নিজেকে ও পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সজীবের মতো শপথ নেওয়ার আহ্বান জানাই।