পশ্চিম এশিয়ার চলমান সংকটের জেরে বিশ্বজুড়ে সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ।
শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের দুটি প্রকল্পের জন্য এই ঋণ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্প’-এর আওতায় ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ দিয়ে মূলত আসন্ন আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হবে, যা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে সুসংহত করবে।
এছাড়া ‘জরুরি সাড়াদান প্রকল্প’-এর আওতায় আরও ৭১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেবে সংস্থাটি। বিশ্বব্যাংক জানায়, এই অর্থ দিয়ে ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর ফলে বৈশ্বিক সংকটের এই সময়েও মানুষের চাকরি, কর্মসংস্থান ও আয়-রোজগার সচল থাকবে।
পাশাপাশি খাবার, ওষুধ, চিকিৎসাসরঞ্জাম এবং বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জীবনরক্ষাকারী জরুরি সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও মেটানো হবে এই প্রকল্প থেকে। বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বুধবারের মধ্যেই এই প্রকল্পের সম্পূর্ণ অর্থ ছাড় দেওয়া হবে।

