...|...|...

অর্থনীতি

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১০০ কোটি ছাড়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:১৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৫
Shares
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১০০ কোটি ছাড়াল

ডিজিটাল অর্থনীতি ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে চালু করা ‘বাংলা কিউআর’ এর ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে এই সেবার মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ ১১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্ট বা বিক্রেতার সংখ্যা ১৬ লাখ থেকে বেড়ে প্রায় ৩০ লাখে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানকে নিজস্ব বা প্রোপ্রাইটরি কিউআর কোডের পরিবর্তে একক ‘বাংলা কিউআর’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এর পর থেকেই সেবাটির ব্যবহার দ্রুত বাড়তে শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরু থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় তিন গুণ।

জুলাই মাসে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৭৮ হাজার। গত সপ্তাহের হিসাবে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজারে।

অন্যদিকে, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৭ কোটি টাকার লেনদেন হতো। বর্তমানে সেই পরিমাণ বেড়ে ১১০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘এক দেশ এক কিউআর’ নীতি বাস্তবায়নের ফলে মার্চেন্টদের একাধিক কিউআর কোড রাখার ঝামেলা কমেছে। পাশাপাশি গ্রাহকেরাও যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করে সহজেই কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে দেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে উঠছে এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম আরও শক্তিশালী হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, বাংলা কিউআরের ব্যবহার আরও বিস্তৃত হলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে।