প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান।
সোমবার (১৩ জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় সচিব ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। অনুষ্ঠানে বন্যাকবলিত ১ হাজার ২০০ মানুষের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


