...|...|...

জাতীয়

বছরের ব্যবধানে আদালত থেকে ফের পালালেন শরিফুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:১৫
Shares
বছরের ব্যবধানে আদালত থেকে ফের পালালেন শরিফুল

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি শরিফুল।ছবি: সংগৃহীত

পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া সেই শরিফ ফের পালালেন আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় ফের পালিয়েছেন শরিফুল ইসলাম নামে এক আসামি। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে এটি তার দ্বিতীয়বার আদালত থেকে পালানোর ঘটনা। এর আগে ২০২৫ সালের জুনে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজির করা হয়েছিল শরিফুলকে। পরে হাজতখানায় নেওয়ার সময় হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালি থানায় করা একটি মামলায় শরিফুল হাজতি আসামি। মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তাকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার শরিফুলকে আদালতে তোলার পর সাক্ষী উপস্থিত না থাকায় মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিম তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় সুযোগ নিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

আদালত সূত্রে জানা যায়, আদালত থেকে শরিফুলের পালানোর ঘটনা এটাই প্রথম নয়। ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়েছিলেন তিনি।

ওই ঘটনার পর হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে একই দিন কোতোয়ালি থানায় শরিফুলের বিরুদ্ধে মামলা করেন।

সেই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন থাকায় মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। তবে সাক্ষী না আসায় নির্ধারিত কার্যক্রম এগোয়নি। এর মধ্যেই হাজতখানায় ফেরত নেওয়ার সময় আবারও পালিয়ে যান তিনি।

শরিফুলকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।