দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরের একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দ্য ম্যানিলা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে জাম্বোয়াঙ্গা শহরের আতেনিও দে জাম্বোয়াঙ্গা হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।
ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী এবং দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, ক্লাস শুরু হওয়ার ঠিক আগে হামলাটি চালানো হয়। সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ এবং ওই স্কুলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে শনাক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে এবং কোনো স্পষ্ট কারণ ছাড়াই একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালায়।
জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদন ওলাসো জানান, অভিযুক্ত হামলাকারী ও নিহতরা সবাই জেসুইট পরিচালিত ওই বেসরকারি স্কুলের শিক্ষার্থী ছিল।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে আতঙ্কিত শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে।
বর্তমানে পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করছেন। হামলার উদ্দেশ্য এবং স্কুলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু


