...|...|...

রংপুর

প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে প্রেমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, রাত ৯:৫৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৪
Shares
প্রেমিকার সাথে ঘুরতে গিয়ে প্রেমিক নিহত

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পঞ্চগড়। ছবি: টাইমস টুডে

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার প্রেমিকা যুথী রাণী (১৫)।

রবিবার (৯ আগস্ট) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুটকীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন চন্দ্র বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধনীপাড়া গ্রামের উপেন চন্দ্র বর্মনের ছেলে। আহত যুথী রাণী একই উপজেলার সাকোয়া ইউনিয়নের বিধান চন্দ্রের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজন মোটরসাইকেল যোগে উপজেলার মাড়েয়া ইউনিয়নে ঘুরতে যান। ফিরে আসার পথে ফুটকীবাড়ি এলাকায় তাদের মোটরসাইকেলের সাথে একটি অটোর সংঘর্ষ হয়। এতে স্বপন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু রংপুর নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রবিবার বিকাল ৩টা ৪০ মিনিটে দুজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। স্বপন চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত রংপুরে রেফার করি। তবে রেফার করার ১৫-২০ মিনিটের মধ্যেই রংপুর যাওয়ার পথে তার মৃত্যুর হয়।’

চিকিৎসক আরও জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলেও প্রেমিকা যুথী রাণী এখন শারীরিকভাবে ভালো আছেন এবং তার চিকিৎসা অব্যাহত রয়েছে।