...|...|...

সারাদেশ

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক। ছবি: টাইমস টুডে

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম কিবরিয়া লালন উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পরে শিক্ষক লালনকে আটক করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তাঁর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে— এমন মন্তব্য করার কথা শিক্ষক স্বীকার করেছেন বলে জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।