মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ জন্য প্রধান শিক্ষকদের পার্সোনাল ডাটা শিটে (পিডিএস) হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত মোবাইল নম্বর যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) মাউশির এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের পিডিএসে থাকা মোবাইল নম্বর যাচাই করে প্রয়োজন হলে পরিবর্তন ও হালনাগাদ করতে হবে।
মাউশি জানায়, অধিদফতরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লাইভ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে অনেক প্রধান শিক্ষকের পিডিএসে থাকা মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় এই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ কারণে যেসব প্রধান শিক্ষকের পিডিএসে থাকা নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের নতুন হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দিয়ে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রধান শিক্ষককে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে মনিটরিং কার্যক্রমে সহযোগিতা করতে হবে।


