বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনসংক্রান্ত ব্যক্তিগত তথ্য সংশোধন ও পুনরায় আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষকদের নিজ জেলা, স্বামী বা স্ত্রীর জেলা, কর্মস্থল ও মুঠোফোন নম্বরসহ বিভিন্ন তথ্যের ভুল সংশোধনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রণীত ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ কার্যক্রম সম্পন্ন হচ্ছে।
বদলিতে আগ্রহী শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে মুঠোফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করছেন। তবে আবেদন প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্যের ভুল থাকলে তা সংশোধন এবং প্রয়োজন অনুযায়ী পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানপ্রধানরা আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর শিক্ষকদের তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের কাজ করবেন। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করবেন।
কলেজ পর্যায়ে প্রতিষ্ঠানপ্রধানরা ৬ ও ৭ সেপ্টেম্বর এবং আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ও আঞ্চলিক পরিচালকরা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যাচাই কার্যক্রম সম্পন্ন করবেন। পরে আঞ্চলিক পরিচালকরা ১২ ও ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত অনুমোদনের কাজ করবেন।
এর আগে গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন কার্যক্রম শুরু হয়। গত ১৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রতিষ্ঠানপ্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে নতুন বদলি নীতিমালা অনুযায়ী বদলি করা হবে।


