...|...|...

লাইফস্টাইল

প্রতিদিন ৫ মিনিট নাচে শরীর ও মনে যেসব সুফল মিলবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, রাত ৮:৪৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১:৫৫
Shares
প্রতিদিন ৫ মিনিট নাচে শরীর ও মনে যেসব সুফল মিলবে

ছবি : সংগৃহীত

প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নাচলেও শরীর ও মনের জন্য নানা উপকার পাওয়া যায়। এটি শুধু মন ভালো করে না, বরং শারীরিক ফিটনেস, মানসিক সুস্থতা, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে। তাই একঘেয়ে শরীরচর্চার বদলে নাচ হতে পারে আনন্দদায়ক ও কার্যকর একটি বিকল্প।

বিবিসির লন্ডনভিত্তিক জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রতিবেদক মেলিসা হোজেনবুম এক সপ্তাহ ধরে প্রতিদিন কাজের ফাঁকে পাঁচ মিনিট নাচের অভ্যাস করেন। প্রথম দিন কিছুটা অস্বস্তি লাগলেও পরে তিনি নিজেকে অনেক বেশি প্রাণবন্ত ও উদ্যমী অনুভব করেন। বিশেষ করে দুপুরের খাবারের পর যে ক্লান্তি ও ঝিমুনি আসে, তা কাটাতে নাচ কার্যকর ভূমিকা রাখে।

যুক্তরাজ্যের ড্যান্স সাইকোলজিস্ট পিটার লোভাটের মতে, মানুষের মধ্যে জন্মগতভাবেই ছন্দের প্রতি সাড়া দেওয়ার প্রবণতা থাকে। অন্যদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের স্নায়ুবিজ্ঞানী জুলিয়া এফ ক্রিস্টেনসেন বলেন, নাচ এমন একটি কার্যক্রম, যেখানে একসাথে শরীরচর্চা, সামাজিক যোগাযোগ এবং সৃজনশীল প্রকাশের সুযোগ তৈরি হয়। নাচের সময় শরীর থেকে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ ও বিষণ্নতা কমাতে এবং ভালো অনুভূতি তৈরি করতে সাহায্য করে।

নাচের সময় শরীরের পাশাপাশি মস্তিষ্কও সক্রিয়ভাবে কাজ করে। বিভিন্ন স্টেপ ও ছন্দ মনে রাখার মাধ্যমে স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তার দক্ষতা বাড়ে। গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচ মিনিটের দলীয় নাচও স্কুলপড়ুয়া শিশুদের পরবর্তী পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়তা করে। বয়স্কদের ক্ষেত্রে এটি ডিমেনশিয়ার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।

গবেষকদের মতে, স্বতঃস্ফূর্ত নাচ মস্তিষ্ককে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করে এবং সৃজনশীলতা বাড়ায়। পাশাপাশি নিয়মিত নাচ শরীরের ভারসাম্য উন্নত করে, পড়ে যাওয়ার ঝুঁকি কমায় এবং পারকিনসন্স রোগীদের পুনর্বাসন থেরাপিতেও ইতিবাচক ফল দেয়। একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন নাচের অনুশীলনে মস্তিষ্কের স্মৃতি ও শেখার সাথে সম্পর্কিত হিপোক্যাম্পাস অংশের আকারও বৃদ্ধি পেতে পারে।

শুরুতে নাচতে কিছুটা সংকোচ লাগলেও নিয়মিত অভ্যাস করলে এটি আনন্দদায়ক হয়ে ওঠে। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নাচের অভ্যাসই শরীর, মন ও মস্তিষ্ককে আরও সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করতে পারে।

সূত্র : বিবিসি